প্রেসিডেন্টের মেয়াদের শেষ সময়ে ডোনাল্ড ট্রাম্প যেন কোনো ধরনের যুদ্ধ শুরু বা পারমাণবিক হামলার নির্দেশে না দিতে না পারেন সেজন্য দেশটির সামরিক প্রধানের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
গার্ডিয়ানের এক খবরে এই তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র উদ্ভট এবং বিপজ্জনক সময় পার করছে। গত বুধবার ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালান। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সবজায়গায় ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর দাবি উঠেছে।
ন্যান্সি পেলোসি ডেমোক্রেটদের বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে কথা বলেছেন। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং অন্য বৈদেশিক নীতির চ্যালেঞ্জের মুখে অস্থির প্রেসিডেন্ট ট্রাম্প যেন সামরিক কার্যক্রম অথবা পারমাণবিক আক্রমণের নির্দেশ না দিতে পারেন তিনি সে বিষয়ে আলোচনা করেছেন।
মার্ক মিলির একজন মুখপাত্র আলোচনার তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, চেয়ারম্যানের সঙ্গে স্পিকার পেলোসি কথা বলেছেন। পারমণনবিক আদেশ প্রক্রিয়ার বিষয়ে তিনি স্পিকারের প্রশ্নের জবাব দিয়েছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান। সে হিসেবে ট্রাম্প এখনও বাহিনীর প্রধান হিসেবে রয়েছেন। ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলার আগে যুক্তরাষ্ট্রের সাবেক ১০ সামরিক সচিব সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টশিপ হস্তান্তর প্রক্রিয়ার বাইরে থাকার আহ্বান জানিয়েছিলেন।